নোট ও গাইডের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট ও গাইড বই নিষিদ্ধ করেছে। এর পরও জয়পুরহাটের ক্ষেতলাল ও সিরাজগঞ্জের রায়গঞ্জের বাজারগুলোতে দেদার বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড বই। কিছু অসাধু বই ব্যবসায়ীর মাধ্যমে গ্রামগঞ্জের শিক্ষার্থীদের হাতে হাতে এসব নোট ও গাইড ছড়িয়ে পড়ছে।

তবে নোট ও গাইড প্রকাশনী সংস্থাগুলোও বিদ্যালয় বা শিক্ষকদের নানা রকম সুবিধা দিয়ে এসব বইয়ের ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নোট ও গাইড ব্যবসা বহু বছর ধরে চলে এলেও বর্তমানে সৃজনশীল পদ্ধতির জন্য তা আরও বেড়ে গেছে। এই পদ্ধতিতে পাঠদানে শিক্ষকেরা যথেষ্ট দক্ষ নন বলে শিক্ষার্থীদের নোট ও গাইডের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

ক্ষেতলাল উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার কয়েকটি বাজার মিলিয়ে ২০টি বইয়ের দোকান রয়েছে। এগুলো ছাড়াও হাটের দিন বাজারগুলোতে আরও ২০-২৫টি নোট ও গাইডের দোকান বসে। প্রশাসন এসব বাজারে নিষিদ্ধ নোট ও গাইড বইয়ের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ফলে অবৈধ ব্যবসা আরও সম্প্রসারিত হচ্ছে।

ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর অভিভাবক মনছুর রহমান বলেন, ‘আমিও আমার মেয়ের জন্য একটি গাইড বই কিনেছি। কারণ, পঞ্চম শ্রেণীতে যে সিলেবাস আছে, তা প্রাথমিক বিদ্যালয়ের স্বল্প শিক্ষকদের দিয়ে বুঝিয়ে পড়াশোনা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে সহায়ক হিসেবে অভিভাবকেরা নোট ও গাইড কেনেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বই ব্যবসায়ী বলেন, ‘নোট ও গাইড প্রকাশ না হলে আমরাও বিক্রি করতাম না।’ তবে ক্ষেতলাল উপজেলা শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন জানান, শিক্ষার মান আরও ভালো হলে গাইড বইয়ের চাহিদা কমে যাবে।

এদিকে রায়গঞ্জের বিভিন্ন এলাকার বইয়ের দোকানগুলোতে প্রথম শ্রেণী ছাড়া সব শ্রেণীর নোট ও গাইড বই বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, নোট ও গাইড প্রকাশনী সংস্থাগুলো বিদ্যালয় বা শিক্ষকদের নানা রকম সুবিধা দিয়ে থাকে। এ কারণে অনেক সময় শিক্ষকেরা নোট ও গাইড কেনার পরামর্শ দেন।

নিমগাছি বাজারের সরকার লাইব্রেরির হাসান বলেন, ‘অনেক সময় বিদ্যালয়ের শিক্ষকেরা পছন্দের প্রকাশনীর এসব নোট ও গাইড আমাদের আনতে বলেন।’

উপজেলার গোতিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কয়েকজন ছাত্র জানায়, স্যারদের কথামতো পরীক্ষায় ভালো করতে গাইড কিনেছে। তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুদেব চন্দ্র রায় বলেন, অভিভাবকেরাই নোট ও গাইড কেনার জন্য অস্থির হয়ে পড়েন।

উপজেলার নিমগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, অভিভাবকদের কারণেই ছাত্রছাত্রীরা নোট ও গাইড কেনে। তাঁর বিদ্যালয়ের শিক্ষকেরা কোনো নোট ও গাইড প্রকাশনীর কাছ থেকে সুযোগ-সুবিধা নেন কি না, এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিবছরই প্রকাশনীর লোকজন বিভিন্ন উপহার দিতে চায়। কিন্তু তাঁরা নেন না। ফজল হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষকেরা যে নোট কিনতে বলেন, তা-ই কিনে দিই।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদনহীন বই শিক্ষার্থীদের দিয়ে কেনা অপরাধ। শিক্ষকদের মাসিক সভায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইউএনও ফিরোজ শাহ্ জানান, নিষিদ্ধ নোট ও গাইডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।