নোট-গাইড বিক্রিতে শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে নোট-গাইড বিক্রি নিষিদ্ধ করা হলেও পাবনার বেড়া উপজেলায় অবাধে এসব বই বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, একশ্রেণির শিক্ষক পুস্তক প্রকাশকদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে এসব বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করছেন।
বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বলেন, ‘নোট-গাইড নিষিদ্ধ। তাই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকের পক্ষ থেকে শিক্ষার্থীদের নোট-গাইড কিনতে বলার কথা নয়। এ ছাড়া কোনো প্রকাশনী সংস্থার সঙ্গে শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো চুক্তি আছে বলেও আমার জানা নেই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন জানান, নোট-গাইড বিক্রির সঙ্গে কোনো শিক্ষক জড়িত কি না, সে ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, কোনো বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত বোর্ডের বাইরের কোনো বই পাঠ্য করতে পারবে না। পাশাপাশি কোনো বিক্রেতা ও প্রকাশক নোট-গাইড বিক্রি ও প্রকাশ করতে পারবে না। তবে নবম শ্রেণির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) অনুমোদিত কয়েকটি সহায়ক বই কেনাবেচা করা যাবে।
কয়েক বছর আগে এ-সংক্রান্ত সরকারি নির্দেশ জারির পর বইয়ের দোকান ও প্রকাশনা সংস্থায় তল্লাশি চালানো হলেও দুই থেকে তিন বছর ধরে সেসব আর হচ্ছে না। ফলে আগে কিছুটা রাখঢাক করে নোট-গাইড বিক্রি হলেও এখন চলছে তা একেবারেই প্রকাশ্যে।
অভিযোগ রয়েছে, প্রকাশনা সংস্থাগুলো তাদের বই বিক্রির কৌশল পাল্টিয়েছে। এখন তারা বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁদের মাধ্যমে এসব বই বিক্রি করছে। এসব শিক্ষক পাঠদানের সময় শিক্ষার্থীদের তাঁদের পছন্দের প্রকাশনা সংস্থার নোট বা গাইড কিনতে উৎসাহী করছেন।
বেড়া পৌর এলাকার তিন থেকে চারজন পুস্তক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে শিক্ষকদের সঙ্গে প্রকাশনা সংস্থাগুলোর কমিশন-বাণিজ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে এই ব্যবসায়ীরা জানান, উপজেলায় আলফা পাবলিকেশনস, আল-আরাফাহ পাবলিকেশনস, আদিল ব্রাদার্স, স্কয়ার পাবলিকেশনস, আল-বারাকা পাবলিকেশনস, পাঞ্জেরী, লেকচারসহ ১০ থেকে ১২টি প্রকাশনা সংস্থা নোট-গাইড সরবরাহ করে থাকে। এসব সংস্থার বেশির ভাগই আলাদাভাবে বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ। পুস্তক ব্যবসায়ীরা জানান, আগে নোট-গাইড বিক্রি করে ব্যবসায়ীদের ভালো লাভ হতো। অভিভাবক-শিক্ষার্থীরাও বেশ কম দামে বই কেনার সুযোগ পেতেন। অথচ এখন শিক্ষকদের সঙ্গে প্রকাশনা সংস্থার চুক্তি হওয়ায় মোটা অঙ্কের কমিশন যাচ্ছে শিক্ষকদের কাছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থী-অভিভাবকেরা।
বই বিক্রেতারা বিভিন্ন শ্রেণির নোট-গাইড দেখিয়ে সেগুলোর গায়ে লেখা দাম ও প্রকৃত বিক্রয়মূল্য সম্পর্কে জানান। সপ্তম শ্রেণির ‘একের ভিতরে সব’ নামের একটি গাইড দেখিয়ে এক বই ব্যবসায়ী বলেন, এর গায়ে দাম লেখা আছে ৮৫০ টাকা। শিক্ষার্থী-অভিভাবকদের কাছে এটি বিক্রি করা হয় ৫২০ টাকা। অথচ পৃষ্ঠাসংখ্যা ও কাগজের মান অনুযায়ী বইটির দাম ৩০০ টাকার বেশি হওয়া উচিত নয়।
বিক্রেতারা জানান, শিক্ষার্থী-অভিভাবকদের সবচেয়ে বেশি ঠকানো হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির আলফা পাবলিকেশনসের ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ বই দিয়ে। এই বই দুটির সঙ্গে ৭০ থেকে ৮০ পৃষ্ঠার গ্রামার সলিউশন (সমাধান) কেনা বাধ্যতামূলক। উপজেলার বেড়া বিবি উচ্চবিদ্যালয়, বেড়া বালিকা উচ্চবিদ্যালয়, নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইগুলো কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সপ্তম শ্রেণিতে এই বইগুলোর দাম রাখা হচ্ছে ৬৮০ টাকা। অথচ এগুলোর দাম কোনোভাবেই ৩০০ টাকার বেশি হওয়া উচিত নয় বলে পুস্তক ব্যবসায়ীরা জানান। শিক্ষকদের ১২০ থেকে ১৫০ টাকা কমিশন দেওয়ার কারণেই এমন দাম বেড়েছে বলে তাঁরা জানান।
বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ‘স্কুল থেকে স্যারেরা আলফা পাবলিকেশনসের গ্রামার ও ব্যাকরণ বই কিনতে বলেছেন।’ বেড়া বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক এনামুল হক জানান, স্কুল থেকে গ্রামার ও ব্যাকরণ বইয়ের পাশাপাশি গাইড কিনতেও বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে গাইড চালানোর জন্য শিক্ষকদের টাকার প্রলোভন দেখাচ্ছেন। প্রকাশনার প্রতিনিধির সঙ্গে রফা হওয়ার পর শিক্ষকেরা ওই প্রকাশনার গাইড কেনার জন্য শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছেন।