নোট-গাইডের কমিশন-বাণিজ্য
‘লেকচার গাইড আছে?’‘কোন ক্লাস?’‘কেলাস সেবেন।’‘কোন স্কুল?’‘গার্লস ইশকুল (ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়)।’‘লেকচার তো নাই, অইন্যোডা অইলে অইবো না?’‘আমনের পরামিশ (পরামর্শ) কী?’‘আমনে খাতির্যার মানুষ। ভালা পরামিশ অইছে, মেইন বই পড়ান। পরীক্ষায় বইর বাইরেত্তোন কোন প্রশেনা আইয়্যে না। সারেরা টিহা (টাকা) খাইয়্যা পোলাইনরে এই নোট-গাইড কিনতে বাইদ্য (বাধ্য) করে।’ ‘তাইলে মাইয়্যারে জিগাইয়্যা লই।’ (মুঠোফোন বের করে মেয়ের সঙ্গে কথা বলে শেষ করেন ক্রেতা)। পরে ক্রেতা বলেন, ‘না, মাইয়্যা কইছে হেই গাইড দিয়া না ল্যাখলে স্যারে পাস করাইবো না।’এবার বই বিক্রেতা হেসে বলেন, ‘এইবার দ্যাখছেন, আমাগোরে কে নোট-গাইড বেচতে বাইদ্য করে!’ গত মঙ্গলবার ভোলা বাংলা স্কুলের মোড়ে জাহাঙ্গীর লাইব্রেরির সামনে দাঁড়ালে অদূরে এক অভিভাবক ও বই বিক্রেতার উপরিউক্ত কথোপকথন কানে আসে। গত কয়েক দিন ভোলার বইয়ের বাজার ঘুরে অভিভাবক ও শিক্ষার্থীদের বোর্ডের অনুমোদনহীন বাংলা ও ইংরেজি ব্যাকরণ, সহপাঠ ও নোট-গাইড কিনতে দেখা যায়। কারণ অনুসন্ধানে জানা গেছে, ভোলার শিক্ষক সমিতিগুলো বিভিন্ন প্রকাশনী ও লাইব্রেরির কাছ থেকে কমিশন হিসেবে লাখ লাখ টাকা নেয়। বিনিময়ে শিক্ষার্থীদের হাতে অনুমোদনহীন এসব বই ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই সব নোট-গাইড না কিনলে পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করা যাবে না বলে শিক্ষার্থীদের ক্লাসে হুঁশিয়ার করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকাশকের পরিবেশক জানান, শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসে টাকার বিষয়টি সুরাহা করা হয়। ভোলায় যেসব প্রকাশনীর কাছ থেকে টাকা নিয়ে শিক্ষক সমিতিগুলো বই পাঠ্য করছে, সেগুলো হলো—হাসান বুক ডিপো, পপি লাইব্রেরি, মিজান বুক ডিপো, লেকচার পাবলিকেশনস, জুপিটার পাবলিকেশনস, গ্যালাক্সি পাবলিকেশনস, আল-বারাকা লাইব্রেরি, ট্যালিগ্রাফ পাবলিকেশনসহ একাধিক প্রকাশনা। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাম্মেল হক প্রথম আলোকে বলেন, ওপরে উল্লিখিত প্রকাশনীর কোনো বই পাঠ্য করার অনুমোদন নেই। কোনো বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত বোর্ডের বাইরের কোনো বই পাঠ্য করতে পারবে না। পাশাপাশি কোনো বিক্রেতা ও প্রকাশক নোট-গাইড বিক্রি ও প্রকাশ করতে পারবে না। তবে নবম শ্রেণীর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) অনুমোদিত কয়েকটি সহায়ক বই ক্রয়-বিক্রয় করা যাবে।ওই পরিবেশক আরও জানান, দৌলতখান উপজেলায় ১৩টি মাধ্যমিক ও পাঁচটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে। শিক্ষক সমিতি দেড় লাখ টাকার বিনিময়ে পপি লাইব্রেরির বই পাঠ্য করেছে। দৌলতখান মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো শিক্ষক ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করতে পারেন। সমিতি করেনি।’ বোরহানউদ্দিনে ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষক সমিতি চার লাখ টাকার বিনিময়ে হাসান বুক ডিপোর জননী সিরিজের বই পাঠ্য করেছে। সমিতির সভাপতি কাজী আ. মান্নান বলেন, ‘জননীর বই পাঠ্য করতে গিয়ে আমরা কোনো চুক্তি করিনি। তবে সমিতির উন্নয়নে তারা কিছু সহায়তা দিয়ে থাকতে পারে।’ চরফ্যাশন উপজেলায় ৭৪টি মাধ্যমিক বিদ্যালয়ে হাসান বুক ডিপোর বই পাঠ্য করা হয়েছে ১২ লাখ টাকা চুক্তিতে। তবে শিক্ষক সমিতির সভাপতি শাহে আলম এ অভিযোগ অসত্য দাবি করে বলেন, সমিতি কিছু চাপিয়ে দেয়নি। স্কুলগুলো তাদের ইচ্ছামতো বই পাঠ্য করতে পারবে।খোঁজ নিয়ে জানা গেছে, হাসান বুক ডিপো তাদের বই পাঠ্য করার জন্য ভোলা সদর উপজেলার দুটি শিক্ষক সমিতিকে ১০ লাখ টাকা দিয়েছে। এ ছাড়া লেকচার পাবলিকেশনস ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছে। এ দুটি সরকারি স্কুলের সভাপতি জেলা প্রশাসক।ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণগোপাল দে ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক বলেন, ‘নীতিমালা অনুসারে অনুমোদিত বই আমরা পাঠ্য করেছি। যদি এর বাইরে অন্য কোনো নোট-গাইড পড়তে ছাত্রছাত্রীদের বাধ্য করা হয়, তবে তা শিক্ষকদের দ্বারা হয়েছে। তদন্ত না করে বলা যাবে না।’হাসান বুক ডিপোর বরিশাল বিভাগীয় বিপণন প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের বইগুলো স্কুলশিক্ষক ও শিক্ষক সমিতিকে দেখাই। শিক্ষক ও শিক্ষক সমিতি বইয়ের মান দেখেই পাঠ্য করছে। আমরা কোনো অর্থনৈতিক সুবিধা দিই না।’ একই দাবি করলেন লেকচার পাবলিকেশনসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মো. আখিল হোসেন। তিনি বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে গুজব।’ পপি পাবলিকেশনসের বিপণন ব্যবস্থাপক এ কে এম সাইফুল্যার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ভোলার জেলা প্রকাশক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, বোর্ডের তালিকার বাইরে মানহীন নোট-গাইড প্রকাশ বন্ধ করতে হবে। না হলে এ সমস্যা দূর করা সম্ভব না। আর স্কুলগুলো কেন মানহীন নোট-গাইড শিক্ষার্থীদের দিয়ে বাধ্যতামূলক কেনাচ্ছে, তা খতিয়ে দেখা হবে।