এবার নোট-গাইড ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং-বাণিজ্যে জড়িত শিক্ষকদের পর এবার নোট-গাইড প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও এর ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধানের ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তি দুদকে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দেশে ‘নোট বই (নিষিদ্ধকরণ আইন) ১৯৮০’ থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি সংস্থার কিছু কর্মকর্তা নিয়মিত মাসোহারা নিয়ে এসব ব্যবসায় সাহায্য করে আসছেন। বেশ কয়েকটি নোট বা গাইড বই প্রকাশনা সংস্থার কর্ণধারকে অবৈধ সম্পদ অর্জনের বিষয়েও তাঁর অভিযোগে উল্লেখ রয়েছে।

এরপর গতকাল বুধবার দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ দল রাজধানীর নীলক্ষেতের হজরত শাহজালাল, বাবুপুরা, বাকুশাহ ও ইসলামীয়া মার্কেটের বিভিন্ন বইয়ের দোকানে অনুসন্ধান চালায়। দলটি বাজারের প্রতিটি দোকানে প্রচুর পরিমাণে নোট বা গাইড বইয়ের মজুত দেখতে পেয়েছে। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্তরের শিক্ষার্থীদের জন্য গাইড বই বিক্রি হচ্ছে। টেস্ট পেপার, সহায়ক বই, মেইড ইজি বিভিন্ন নামে এগুলো বিক্রি হচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির বিভিন্ন গাইড বই এবং প্রফেসরস, ওরাকল, এমপিথ্রি, থ্রি ডক্টরস ও সাইফুরস নামে চাকরি পরীক্ষার গাইড বই বাজারে পেয়েছেন তাঁরা।

দুদক সূত্র জানায়, বাজার ঘুরে তাঁরা দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির গাইড বই প্রকাশ ও বিপণনকারী কয়েকটি সংস্থার তালিকা করেছেন। আইন থাকা সত্ত্বেও কীভাবে ভিন্ন নামে এ ধরনের বই প্রকাশ্যে বাজারে বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখবে দুদক। পাশাপাশি এই ‘অবৈধ’ ব্যবসার মাধ্যমে যেসব প্রকাশনা সংস্থা সম্পদ অর্জন করেছে, তাদের বিষয়ে প্রাথমিকভাবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখা হবে।

জানতে চাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সহসভাপতি শ্যামল পাল প্রথম আলোকে বলেন, নোট-গাইড বই এখন প্রকাশ করা হয় না। এখন অনুশীলনমূলক সহায়ক বই প্রকাশ করা হয়। এটা অবৈধ নয় বলে তাঁর দাবি। এখানে দুদককে ভুল বোঝানো হয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।