নোট বাতিলে কলকাতায় ভ্রমণকারীর সংখ্যা কমেছে
ভারতে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের কারণে চিকিৎসা, বেড়ানোসহ নানা কারণে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভ্রমণকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত মাসে ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের লোকজন টাকার অভাবে নানা রকম বিড়ম্বনায় পড়েছিলেন।
ইদানীং ব্যাংক ও মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে লেনদেন প্রবাহ কিছুটা বাড়লেও পরিস্থিতি এখনো আগের পর্যায়ে আসেনি। ফলে বছরের এই সময়টাতে বাংলাদেশ থেকে যে পরিমাণ লোকজন এখানে আসতেন, এ বছর সংখ্যাটা অনেক কম।
গত কয়েক দিনে সীমান্ত অভিবাসন দপ্তর, ব্যাংক, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটনের সঙ্গে জড়িত লোকজনের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। তবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের লোকজনের আসার হার কমে গেলেও সংখ্যাটা আসলেই কত কমেছে, তা নিয়ে লুকোছাপা আছে।
বাংলাদেশ-ভারত সীমান্তের হরিদাসপুরে আন্তর্জাতিক অভিবাসন দপ্তরে বাংলাদেশ ও ভারত থেকে প্রতিদিন কত লোক আসছেন ও যাচ্ছেন সেটির পরিসংখ্যান দেওয়া থাকে নোটিশ বোর্ডে। গত সপ্তাহের সকালের দিকে যাত্রী আসা-যাওয়ার পরিসংখ্যান জানতে গিয়ে দেখা গেছে, নোটিশ বোর্ডটি উধাও। এ নিয়ে জানতে চাইলে ওই সময় সেখানে কর্মরত অভিবাসন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা কোনো ব্যাখ্যা দেননি। তবে তিনি মন্তব্য করেন, নভেম্বরে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের পরপরই হঠাৎ করে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যা যথেষ্ট কমে যায়। এ ছাড়া ওই সময় বাংলাদেশের যেসব নাগরিক নানা কারণে ভারতে অবস্থান করছিলেন, তাঁরাও দ্রুত দেশে ফিরে যান। তবে ইদানীং বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
সীমান্ত অভিবাসন দপ্তরের ওই কর্মকর্তার সঙ্গে একমত পর্যটন ব্যবসায়ী নওশাদ আলীও। গত শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, নোট বদলের ঘোষণার আগে বাংলাদেশ থেকে কলকাতায় আসা অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য দিল্লি, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরু যেতেন। এখন ওই গন্তব্যে যাওয়া লোকজনের সংখ্যা একেবারেই কমে গেছে।
তবে কলকাতার উডল্যান্ডস হাসপাতালের বিপণন বিভাগের প্রধান শ্যামসুন্দর দে গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, নোট বাতিলের আগে প্রতি মাসে গড়ে ৫০-এর বেশি রোগী উডল্যান্ডসে ভর্তি হতেন। গত এক মাসে এই সংখ্যা নেমে এসেছে ২৫-এ।
বাংলাদেশের লোকজন কলকাতায় এলে সাধারণত ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইজ স্ট্রিট, সদর স্ট্রিট, জাকারিয়া স্ট্রিট, চিৎপুর রোড, লিন্ডসে স্ট্রিট এলাকায় উল্লেখযোগ্য পরিমাণে থাকেন। গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার এসব এলাকার আবাসিক হোটেল, রেস্তোরাঁ, ট্যুর অপারেটর, মুদ্রা বিনিময়কারীদের সঙ্গে আলাপ করে বাংলাদেশ থেকে লোকজনের আসা অনেক কমে যাওয়ার বিষয়টি জানা গেছে।
ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী সরকারি বাস শ্যামলী পরিবহনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শ্যামলীর স্থানীয় স্বত্বাধিকারী অবনী ঘোষ জানালেন, যাত্রীর সংখ্যা কম থাকায় নোট বাতিলের পর বাসের সংখ্যা দৈনিক দুটি থেকে কমিয়ে একটিতে আনা হয়। গত সপ্তাহ থেকে আবার প্রতিদিন দুটি বাস চলছে।
মুদ্রা বিনিময় ব্যবসার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, গত সপ্তাহ থেকে লেনদেন বাড়লেও ব্যাংকের চেয়ে কম টাকা দেওয়া হচ্ছে লোকজনকে। যেখানে ব্যাংকিং লেনদেনে ১ ডলার প্রায় ৬৮ টাকায় কেনাবেচা হয়, তা অন্তত দুই থেকে তিন টাকা কমে বিনিময় হচ্ছে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোতে।
এ নিয়ে জানতে চাইলে গত শুক্রবার বিকেলে সোনালী ব্যাংকের ভারত শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী মুর্তজা প্রথম আলোকে বলেন, ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে পরের দুই সপ্তাহে প্রতিদিন অন্তত ২০০ বাংলাদেশি পর্যটক সোনালী ব্যাংকে গিয়ে তাঁদের ডলার ভাঙিয়েছেন। এই সংখ্যা এখন ২০-এ নেমে এসেছে।
বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৌরজিত পাল চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, নোট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের আগে খুচরা নোটের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা উচিত ছিল। এটি হলে সাধারণ লোকজন এখন যে ভোগান্তি পোহাচ্ছেন, তা থেকে রেহাই পেতেন।