নোটিশ ছাড়া ওষুধের মূল্যবৃদ্ধি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গতকাল রোববার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত মূল্য নিয়ন্ত্রণের বিষয়টি তদারকের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সাত দিনের মধ্যে দাখিল করতে স্বাস্থ্যসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল দেন। রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী ড্রাগ কন্ট্রোল কমিটি ও ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল ওষুধের মূল্য নিয়ন্ত্রণের বিষয়টি তদারক করবে। কিন্তু এগুলোর যথাযথ ভূমিকা আছে কি না এবং মূল্যবৃদ্ধিতে মতামত আছে কি না, তা যাচাই করতে ওই কমিটি ও কাউন্সিলের পূর্ণাঙ্গ তথ্য দাখিলের জন্য আবেদন করা হয়।
রুলে কোনো ধরনের নোটিশ ছাড়া ওষুধের মূল্যবৃদ্ধি এবং তা নিয়ন্ত্রণে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।