নোটিশ ছাড়াই অবৈধ ভবন ভেঙে দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের নোটিশ না দিয়েই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার রাজউকের সভাকক্ষে অবৈধ স্থাপনা অপসারণ-বিষয়ক এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
সভায় ভরাট করা জলাশয়ের তালিকা প্রস্তুত করে দখলকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, যেসব ভবন নিয়ম মেনে নির্মাণ করা হয়নি, সেসব ভবন ভেঙে ফেলতে হবে।
মোশাররফ হোসেন বলেন, ‘যাঁরা ১০ তলার অনুমোদন নিয়ে ১৫ তলা করেছে, সাহস দেখিয়ে পাঁচতলা ভেঙে দেন। উইদাউট গিভিং অ্যানি নোটিশ। লেবার যা লাগে, আমরা দেব। তার পরে কোর্টে যাক।’ একটি হোটেল-রেস্তোরাঁ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণে যে সময় লাগে, ওই সময়ের মধ্যো রাজউকের ১০টি জোনের অথরাইজড অফিসাররা কেন যেতে পারবেন না—প্রশ্ন তোলেন তিনি।
মন্ত্রী বলেন, নকশা অনুমোদনের পর যেকোনো ভবনের লে-আউট দেওয়ার সময় রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর জন্য রাজউককে নির্দেশ দেন তিনি। যেসব ভবনের মালিক অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করেছেন, তাঁদের নামের তালিকা প্রস্তুত করতে হবে। আবাসিক এলাকা গড়ে তোলার ক্ষেত্রে কেবল রাজউকই পরিবেশ ও প্রতিবেশের বিষয়কে গুরুত্ব দেয় বলে মন্ত্রী দাবি করেন।
মন্ত্রী বলেন, ‘অবৈধভাবে যারা জলাশয় ভরাট করছে, তাদের বিরুদ্ধে জলাধার আইন অনুযায়ী দ্রুত ব্যলবস্থা নিতে হবে। আদালত স্থগিত করে দিলে আইনি লড়াই চালাতে হবে। কিছু কিছু জলাধার ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। অথরাইজড অফিসার যাঁরা আছেন, তাঁরা দেখবেন। শর্ট টাইমে এর রিপোর্ট রাজউককে দিতে হবে।’ নদীর পাড়ে নতুন যেসব ভবন হচ্ছে, সেগুলোর অনুমোদন আছে কি না, আগামী সাত দিনের মধ্যে তা জরিপ করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘অনুমোদন না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছায় ভবন করে থাকে, সেগুলো দ্রুত বন্ধ করে দেবেন।’
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আখতার হোসেন এবং রাজউকের সদস্য (উন্নয়ন) মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।