নোটিশ ছাড়াই চার ভবনের গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দেড় শতাধিক পরিবার
সিলেটে নগরের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবন। এর বিপরীত দিকে রয়েছে সিলেটের অন্যতম বৃহৎ আবাসন প্রতিষ্ঠান দি ম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেডের 'গার্ডেন টাওয়ার'। চারটি বহুতল ভবন নিয়ে এই টাওয়ারে গ্যাসের সংযোগ ১৯৫টি। প্রায় ১৭ বছর আগে নেওয়া হয় সংযোগগুলো। জালালাবাদ কর্তৃপক্ষ আকস্মিক অভিযানে সবগুলো সংযোগ কেটে দিয়েছে। করোনাকালে কঠোর বিধিনিষেধের মধ্যে গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছে টাওয়ারের দেড় শতাধিক পরিবার।
জালালাবাদ কর্তৃপক্ষ গ্যাস–সংযোগগুলো বিচ্ছিন্ন করে গত ১৪ জুলাই। ঘটনার তিন সপ্তাহ পর বৃহস্পতিবার দুপুরে আবাসন প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলন করেছে। তারা বলছে, ২০০৪ সালের অক্টোবর মাসে ১৯৫টি গ্যাস–সংযোগ নেওয়া হয়। কোনো নোটিশ ছাড়াই সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাস–সংযোগ না থাকায় সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে ভবনের বাসিন্দাদের। এতে অন্যান্য ভোগান্তির সঙ্গে দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। দুর্ভোগ ও ঝুঁকি এড়াতে অবিলম্বে গ্যাস–সংযোগ ঠিক করার দাবি জানিয়েছে তারা।
সিলেট জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন দি ম্যান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ মিছবাহ। লিখিত বক্তব্যে বলা হয়, গার্ডেন টাওয়ারে আবাসিক ১৯৫টি গ্যাস–সংযোগের পাশাপাশি রেস্তোরাঁর নামে একটি বাণিজ্যিক সংযোগের অনুমোদন নিয়ে ব্যবহার হচ্ছিল। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত কয়েক কোটি টাকার গ্যাস বিল পরিশোধ করা হয়েছে। ১৪ জুলাই জালালাবাদ গ্যাসের একটি পরিদর্শক দল ওই টাওয়ারে যায়। তারা পরীক্ষা-নিরীক্ষার নামে সেখানকার গ্যাস রাইজারটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি।
ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ বলেন, ২০১৫ সালের ২২ জানুয়ারি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ভবনটির গ্যাস–সংযোগ সম্পর্কে জানতে চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গার্ডেন টাওয়ারের পক্ষ থেকে জানানো হয়, এখানে চারটি ভবনে ১৯৭টি দ্বৈত ও দুটি একক চুলার গ্যাস–সংযোগের অনুমোদন রয়েছে। ওই বছরের ১৯ ফেব্রুয়ারি জালালাবাদ কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে জানায়, ১৯৩টি দ্বৈত ও দুটি একক চুলার অনুমোদন আছে। বর্ধিত গ্যাসের মূল্য বাবদ ৪৩ হাজার ৬৫৪ টাকা ও একটি প্রেসার গেজের দাম ৬ হাজার ১৭২ টাকা পরিশোধ করতে বলা হয়। তখন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁরা গ্যাস–সংযোগের অনুমোদনের বিষয়টি অবগত করেন। এরপর তাঁদের আর কোনো চিঠি বা নোটিশ দেওয়া হয়নি। প্রায় সাত বছরের মাথায় হঠাৎ সব গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। বিষয়টি স্থানীয় সাংসদ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টাদের অবহিত করা হয়েছে বলে জানান ফারুক আহমদ।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে গার্ডেন টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজমল আলী উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী খান মো. জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ওই ভবনে ১১২টি গ্যাস–সংযোগের আবেদন করে ১৯৩টি সংযোগ ব্যবহার করা হচ্ছিল। অবৈধভাবে ৮১টি সংযোগ ব্যবহার করায় আমরা সব সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’ কোনো নোটিশ না দিয়েই গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।