
আদালতের আদেশ পেয়ে হঠাৎ ১৩টি পরিবারের ৩০টি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব পরিবারের লোকজন তাঁদের আসবাবসহ কোনো কিছুই সরাতে পারেননি। শিক্ষার্থীরা তাদের বইখাতা পর্যন্ত রক্ষা করতে পারেনি। এমনকি গৃহবধূরা রক্ষা করতে পারেননি সন্তানদের জন্য রান্না করা খাবারটুকুও। আদালতের আদেশ তামিল করতে গত মঙ্গলবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে আছে নারী-শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি। তাঁদের একজনের নাম তপন কুমার সিং। তিনি নলডাঙ্গা নজমুল হক কলেজের স্নাতকের ছাত্র। ৯ মে তাঁর পরীক্ষা। তিনি বলেন, ‘আমার বই-খাতা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হঠাৎ প্রতিবেশী বজলুর রশিদ আদালতের কিছু কর্মচারী, পুলিশসহ একটি ভেকু মেশিন নিয়ে হাজির হন। এসেই কোনো কথা না বলে আমাদের ঘরবাড়ি ভাঙা শুরু করেন। ঘরদোর থেকে আমরা কিছুই সরানোর সুযোগ পাইনি।’
করুণ সিং নামের একজন বলেন, ‘আমি পুলিশের পা ধরে বলেছি, একটু সময় দেন, আমরা সব জিনিসপত্র বের করে চলে যাচ্ছি। কিন্তু পুলিশ আমাদের টানাহ্যাচড়া করতে করতে ঘর থেকে বের করে দেয়। গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করে।’
করুণ সিং আরও বলেন, তিনি গান লিখে ও গেয়ে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান। ঋণ করে লাখ টাকা দিয়ে একটি কিবোর্ড কিনেছিলেন। উচ্ছেদের সময় সেটিও ভেঙে চুরমার করা হয়েছে।
সন্ধ্যা দাস্যা নামের একজন গৃহবধূ বলেন, ‘আমি সন্তানদের জন্য দুপুরের খাবার রান্না করে ঘরে রেখেছিলাম। উচ্ছেদকারীরা সেসব খাবারও বের করতে দেয়নি। ভেকু মেশিনে চুরমার করা হয়েছে। সেই থেকে সন্তানদের নিয়ে না খেয়ে আছি।’
নাটোর জজ আদালতের আইনজীবী উদয় চক্রবর্তী বলেন, তিনি এই পরিবারগুলোর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। তাদের পূর্বপুরুষেরা ভারতের মুর্শিদাবাদ থেকে ১৯৬৮ সালে এ দেশে আসেন। বংশপরম্পরায় পরিবারগুলো ওই জমি দখলভোগ করছে। হাল (আরএস) ১ নম্বর (খাস) খতিয়ানের ১২০৩ নম্বর দাগের এই জমির ১১ শতক সন্ধ্যা রানি সিং, তাঁর স্বামী অনিল চন্দ্র সিং ও সুমিত্রা রানি, তাঁর স্বামী সন্তোষ কুমার সিং সরকারের কাছ থেকে স্থায়ী বন্দোবস্ত নেন। ২০০১ সালের ৩১ জানুয়ারি রেজিস্ট্রি দলিলমূলে তাঁরা এই সম্পত্তি পান।
এদিকে প্রতিবেশী ইমাজ উদ্দিন নাটোর সদরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ১৯৯৭ সালে মামলা করেন। মামলায় তিনি একতরফা ডিক্রি লাভ করেন। ইমাজ উদ্দিনের ছেলে বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, তাঁরা এই জমি বিনিময় দলিল সূত্রে পেয়েছেন। ভুলক্রমে হাল খতিয়ানে জমিটি খাস খতিয়ানভুক্ত হলে তাঁরা তা সংশোধনের জন্য আদালতে মামলা করেন। আদালত তাঁদের আবেদন মঞ্জুর করে ডিক্রি দিয়েছেন। সর্বশেষ ডিক্রি জারি মামলার আদেশ অনুযায়ী গত মঙ্গলবার আদালতের নাজির ও পুলিশ এসে জমিতে তাঁদের দখল বুঝিয়ে দিয়ে গেছেন।
নাটোর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নেতা নরশেষ চন্দ ওঁরাও বলেন, পূর্ব নোটিশ না দিয়ে এভাবে উচ্ছেদ করা অমানবিক।
জজ আদালতের নাজির সুনীল কুমার বলেন, তিনি শুধু আদালতের আদেশ পালন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় দেওয়ার পর নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, পুলিশ কাউকে মারধর করেনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা মোহাম্মদ আরিফ বলেন, ঘটনাটি প্রশাসনকে বিব্রত করেছে। তাঁরা আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তা দিচ্ছেন।