নোটিশ দিয়েই দায় সারছে কর্তৃপক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চটগ্রাম নগরের ব্যস্ততম এলাকা কাজীর দেউড়ি। এ মোড়ের ঠিক উত্তর-পূর্ব কোণে দুইতলা ভবনের অবস্থান। নকশা লঙ্ঘন করে নির্মাণ করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভবনটি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রায় তিন বছর আগে ভবনটি ভেঙে ফেলার জন্য মালিককে চূড়ান্ত নোটিশ দেয়। পরবর্তী সময়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এ ভবনের পাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে।
নকশা লঙ্ঘনের অভিযোগে আট বছরে এ রকম প্রায় সাড়ে চার হাজার ভবন মালিককে চূড়ান্ত নোটিশ দিয়েই দায় সেরেছে (চউক)। ইমারত নির্মাণ আইনের ৬(১) ধারা অনুযায়ী এসব নোটিশ দেওয়া হয়। সংস্থাটির যথাযথ তদারকির অভাবে নির্মিত এসব ভবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ বিশাল কাজ। চউকের বিদ্যমান স্বল্প জনবল দিয়ে তা সম্ভব হচ্ছে না। তবে আমার আমলে অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের কাজ চলছে।
কাজীর দেউড়ি দুইতলা ভবন মালিক জাভেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রায় তিন বছর আগে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে ভবনটি ভেঙে ফেলতে চউকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। পরে চউক কোনো পদক্ষেপ নেয়নি। ভবনটি এখনো আগের মতোই আছে।’
চউকের মোট আয়তন এক হাজার ১৫২ বর্গকিলোমিটার। নগর এবং উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের একাংশ এর অন্তর্ভুক্ত। এসব এলাকার নির্মাণাধীন ভবন পরিদর্শনের জন্য আছেন মাত্র ১২ জন পরিদর্শক। চউকের ভ্রাম্যমাণ আদালত গত আট মাসে আরও ৩২টি নকশা বহির্ভূত ভবন চিহ্নিত করেছেন। এর মধ্যে ছয়টি ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করা হয়েছে। প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা থেকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
চউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিন প্রথম আলোকে বলেন, ‘সাড়ে চার হাজার ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। আমি চারটি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তবে অন্তত ১০ শতাংশ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে মানুষ সচেতন ও সতর্ক হতো।’ নির্মাণাধীন ভবন যথাযথভাবে তদারকি করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ বলেন, ‘ভবনগুলো যথাযথ নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে কি না, তা দেখার জন্য চউকের উপযুক্ত জনবল ও স্বতন্ত্র কোনো বিভাগ নেই। খোঁজ নিলে দেখা যাবে, আইনের ব্যত্যয় ঘটিয়ে অধিকাংশ ভবন গড়ে উঠেছে। এতে ভবনগুলোর ঝুঁকি বাড়ছে।’
চউকের অথারেইজেশন কর্মকর্তা-১ মোহাং মনজুর হাসান জানান, বিধিমালা মেনেই ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়। ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সব সংস্থা কার্যকর ভূমিকা রাখলে নকশাবহির্ভূত ঘটনা এড়ানো সম্ভব হবে। নির্মাণাধীন ভবন তদারক করার জন্য দুই অঞ্চলে অন্তত ৪০ জন পরিদর্শকের প্রয়োজন।