নোটিশ দেওয়া রাজনৈতিক স্টান্টবাজি: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো আইনি নোটিশ এখনো পান বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, এ নোটিশ দেওয়া একটা রাজনৈতিক স্টান্টবাজি। আর এতে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কোনো নোটিশ আসেনি। পত্রিকা-টেলিভিশনের মাধ্যমে আমি এ ব্যাপারে জেনেছি। তবে নোটিশ দেওয়াটা একটা রাজনৈতিক স্টান্টবাজি। এতে কোনো লাভ হবে না। আমি তারেক রহমানের ব্যাপারে যা বলেছি, সঠিক কথা বলেছি। তার বিরুদ্ধে অতিরঞ্জিত কোনো কথা বলিনি। সে পলাতক আসামি। আমি যদি মিথ্যা বলে থাকি, তাহলে সেটা বিএনপি আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করুক।’

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে আজকের হরতাল প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘হরতাল দিয়ে বিএনপির গর্তে লুকানো স্বভাব। হরতাল দিয়ে তারেক ইস্যুর সমাধান হবে না। আদালতের মাধ্যমে এ ব্যাপারে সমাধান করতে হবে। বিএনপি যদি মনে করে তারেক নির্দোষ, তাহলে তাঁকে দেশে এনে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করুক।’

আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উচিত হবে তার দুই পুত্রকে দেশে ফিরিয়ে আনা। দুই-দুইবারের একজন সাবেক প্রধানমন্ত্রীর দুই পুত্র আজকে আইনের দৃষ্টিতে ফেরারি আসামি। জাতি হিসেবে আমাদের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে!’

কামরুল ইসলাম বলেন, ‘তারেকের বিচার হচ্ছে। বিচার এখন শেষপর্যায়ে আছে। যদি সে দেশে না আসে, তাহলে মামলা তার নিজস্ব গতিতে চলবে। পরিণতি কী হয়, না হয়, ভবিষ্যতে দেখা যাবে।’ তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে আসুক বা অস্বাভাবিকভাবে আসুক, তাকে দেশে আসতেই হবে।’