নোটিশ দেওয়ার পরও সরানো হয়নি অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু ব্যারাজ থেকে পৌরসভার বড়হাট এলাকা পর্যন্ত মনু নদের বাঁধের ওপর নির্মিত প্রায় ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এক মাসেরও বেশি সময় আগে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এখনো প্রায় সব স্থাপনাই রয়ে গেছে। এদিকে নোটিশের পরও কিছু স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। পাউবোর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মনু নদের দুই পারে প্রায় দুই দশকের বেশি সময় ধরে অবৈধভাবে অসংখ্য কাঁচা ও পাকা স্থাপনা গড়ে উঠেছে। পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গত ১৫ মে এসব অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেন। নোটিশে বলা হয়, নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে হবে। অন্যথায় আর কোনো নোটিশ দেওয়া ছাড়াই দখলদারদের বিরুদ্ধে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ বজলুল করিম বলেন, নোটিশ দেওয়ার পর শহরের বাইরে দু-একজন স্থাপনা সরালেও শহর এলাকায় কেউ স্থাপনা সরায়নি। তিনি বলেন, ‘বাঁধ থেকে স্থাপনা সরানোর জন্য এক-দুইবার নোটিশ দিয়ে সতর্ক করব। এরপর আমরাই উচ্ছেদ করব।’ এদিকে শহরের ফরেস্ট অফিস রোডে মনু নদের বাঁধ এলাকায় নতুন করে পাকা স্থাপনা তৈরি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নতুন স্থাপনা সরাতে ৬ জুন নোটিশ দিয়েছে পাউবো।