নোটিশ না দিয়ে বক্তব্য দেওয়া সময়ের অপচয়: ডেপুটি স্পিকার
প্রযোজ্য ক্ষেত্রে বিধি অনুযায়ী নোটিশ না দিয়ে বক্তব্য দেওয়াকে সময়ের অপচয় হিসেবে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। আজ বৃহস্পতিবার বিরোধী দলের ফখরুল ইমাম অনির্ধারিত আলোচনায় ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’ উৎক্ষেপণকে দেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে উল্লেখ করে বক্তব্য দিলে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
ফখরুল ইমাম দৈনিক পত্রিকার খবরের বরাত দিয়ে বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের একটি সংস্থার চুক্তি হয়েছে। এই চুক্তির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের যে সংস্থা আছে স্পারসো তাদের সঙ্গেও চুক্তি হয়নি। এটি প্রতিদিন ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করবে। ৪-৫ বার বাংলাদেশের ওপর দিয়ে যাবে। স্যাটেলাইট আমাদের কৃষি, ক্যান্টনমেন্ট ও স্পর্শকাতর স্থাপনার ছবি নেবে। এটা আমাদের নিরাপত্তার সঙ্গে জড়িত।
ফখরুল ইমাম আরও বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কীভাবে চুক্তি করে? স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এ ব্যাপারে এখানে (সংসদে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, তিনি আমাদের জানাবেন আশা করি।
পরে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি সব সময় একটা কথা বলি, আপনি যে বিষয়ে কথা বললেন, সেটা নিয়ে যদি বিধি অনুযায়ী নোটিশ দিতেন, তাহলে এটা নিয়ে আলোচনা হতে পারত। এখন কিছুই হবে না। কিছু মনে করবেন না। এতে সময়ের অপচয় হলো, আর কিচ্ছু না।’