নোটিশ পেলে প্রতিরক্ষা চুক্তি সংসদে তোলা হবে: প্রধানমন্ত্রী

নোটিশ পেলে বিভিন্ন দেশের সঙ্গে করা প্রতিরক্ষাবিষয়ক চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, চুক্তির বিষয়ে বিস্তারিত জানাতে চাইলে সব দেওয়া যাবে। আরেকবার নোটিশ দিলে সংসদে উপস্থাপন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক ও চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে আছে। চীন, রাশিয়া, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আছে। প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জিনিস ক্রয়ে বহু দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতা আছে। চীনের সঙ্গে সমঝোতা চুক্তিটি বিএনপি ক্ষমতায় থাকতে হয়।
শেখ হাসিনা বলেন, ভারত সফরকালে কোনো চুক্তি ও সমঝোতা স্মারকই দেশের স্বার্থবিরোধী নয়। তাই ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদিত হয়েছে, এ ধরনের বক্তব্য-বিবৃতি সম্পূর্ণ অসত্য, মনগড়া, অবিবেচনাপ্রসূত এবং বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টামাত্র।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।