যমুনা রিসোর্টের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিল
নোটিশের কার্যকারিতা তিন মাস স্থগিত করেছেন হাইকোর্ট
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে নির্মিত অবকাশ যাপন কেন্দ্র যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিলসংক্রান্ত নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে যমুনা রিসোর্টের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া থেকে বিরত থাকতে আদালত নির্দেশ দিয়েছেন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এ ছাড়া চুক্তি বাতিলসংক্রান্ত খারিজাদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু যমুনা রিসোর্টের ইজারাদার ও একজন অংশীদার। সম্প্রতি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়।
গতকাল আদালতে যমুনা রিসোর্ট কর্তৃপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তাঁকে সহায়তা করেন মারগুব কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মণ্ডল।
মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলার প্রায় ১৫০ হেক্টর জমির ওপর আন্তর্জাতিক মানের অবকাশ যাপন কেন্দ্র গড়ে তুলতে ১৯৯৯ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদি জমি ও স্থাপনার ইজারা নেয় জেআরএল। চুক্তি অনুযায়ী সেতু কর্তৃপক্ষকে ভাড়া বাবদ মাসে যত টাকা দেওয়ার কথা ছিল, তা পরিশোধ করা হয়নি। বকেয়া টাকা পরিশোধের জন্য সেতু কর্তৃপক্ষ ও জেআরএলের মধ্যে একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি। বকেয়া টাকা পরিশোধ না করা এবং চুক্তির শর্ত অনুযায়ী সার্টিফিকেট অব স্যাটিসফেকশন (সিএস) স্বাক্ষর না করার একপর্যায়ে জেআরএল ও সেতু কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছে।
সর্বশেষ সেতু কর্তৃপক্ষের ১০৪তম বোর্ড সভায় জেআরএল কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১ এপ্রিল চুক্তি বাতিলের চিঠি পাঠানো হলে এর বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে আরবিট্রেশনের (মধ্যস্থতা) আবেদন করে জেআরএল কর্তৃপক্ষ। গত বুধবার বিচারিক আদালত আবেদনটি খারিজ করেন।
আবেদন খারিজের সঙ্গে সঙ্গে সেতু কর্তৃপক্ষের অনুরোধে টাঙ্গাইল কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেআরএলের ইজারা নেওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তি সিলগালা ও জব্দ তালিকা করে সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন। এরপর গতকাল জেআরএল বিচারিক আদালতের আদেশের রিভিশন (পুনর্বিবেচনা) চেয়ে হাইকোর্টে আবেদন করে।