নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী ঢাকা আসছেন
ভারতের নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী কৈলাস সত্যার্থী এ মাসের শেষ সপ্তাহে ঢাকা আসছেন। ৩০ মে থেকে রাজধানীতে অনুষ্ঠেয় ‘দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন ২০১৫’-তে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন কৈলাস সত্যার্থী। গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়লা জুন সমাপনী দিনে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সম্মেলন সাংগঠনিক পরিষদের সম্পাদক মহসিন আলী সাংবাদিকদের বলেন, ‘খাদ্য অধিকার প্রচারাভিযান, বাংলাদেশ’-এর মাধ্যমে সারা দেশের সহস্রাধিক সংগঠন সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান ক্ষুধা ও অপুষ্টিসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
উদ্যোক্তারা জানান, যৌথভাবে এ সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে দারিদ্র্যবিরোধী মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় মানবাধিকার কমিশন, পিকেএসএফ, অক্সফাম, মানুষের জন্য ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি নেটওয়ার্ক-আইএফএসএন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, কেয়ার, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, জিআইজেড, অ্যাকশনএইড, ড্যানচার্চ এইড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন সাংগঠনিক পরিষদের চেয়ার ড. কাজী খলীকুজ্জমান আহমদ, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল সোনেজি, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কান্ট্রি ডিরেক্টর এ কে এম মুসা, ড্যানচার্চ এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা ইনাম, কেয়ার বাংলাদেশের পরিচালক মেহরুল ইসলাম, অক্সফামের অ্যাডভোকেসি ম্যানেজার মনীষা বিশ্বাস, দারিদ্র্যবিরোধী মঞ্চের সংগঠকদের মধ্যে মুহম্মদ হিলাল উদ্দিন প্রমুখ।