নোবেলজয়ী ইউনূসের মর্যাদা রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানিয়েছেন চট্টগ্রামের পেশাজীবীরা। ‘নোবেলজয়ী ইউনূস-সুহূদ চট্টগ্রাম’ নামের একটি পেশাজীবী সংগঠনের নেতারা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।পেশাজীবী নেতারা বলেন, ‘গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ নিয়ে ইউনূসের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আমাদের ব্যথিত করছে। ড. ইউনূস জাতির অহংকার এবং তরুণ প্রজন্মের আদর্শ। স্বাধীনতার ৪০ বছর পূর্তির প্রাক্কালে তাঁর মতো জগদ্বিখ্যাত উজ্জ্বল কর্মবীর অপদস্থ হলে আমাদের ভবিষ্যৎ সংশয়গ্রস্ত হবে।’পেশাজীবী নেতারা অভিযোগ করেন, ‘ড. ইউনূসকে নিয়ে দেশে বিতর্ক সৃষ্টি ও তাঁর চরিত্র হননের অপপ্রয়াস চলছে। তিনি চট্টগ্রামের সন্তান। তিনি যে কর্ম সাধন করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, তার শুরু চট্টগ্রামের জোবরা গ্রামে। তাই চট্টগ্রামের সচেতন জনগণের অংশ হয়ে এ ধরনের পরিস্থিতিতে আমরা নির্লিপ্ত থাকতে পারি না।’অধ্যাপক ইউনূসের প্রশংসা করে পেশাজীবী নেতারা বলেন, ‘তাঁর চিন্তা ও উদ্ভাবিত পদ্ধতি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রচলিত অর্থনীতির বিধিবদ্ধ গণ্ডি পেরিয়ে বিশ্বে এক নতুন ধারণা ও ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর দেশে দেশে গ্রামীণের কর্ম-উদ্যোগ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। তাঁর চিন্তা ও কর্মের জন্য ২০০৬ সালে তাঁকে এবং গ্রামীণ ব্যাংককে বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর এ নোবেলপ্রাপ্তিতে জাতি হিসেবে আমরা পরম গর্বিত হয়েছি।’ পেশাজীবীরা নোবেল বিজয়ীর প্রতি সরকারের ন্যায্য আচরণ দাবি করে বলেন, ‘বর্তমানে তাঁর সম্মানহানির যে অপতৎপরতা চলছে, তাতে আমরা সংক্ষুব্ধ। আমাদের এই সংগঠন ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের পক্ষে জনমত গঠন ও বিভ্রান্তি কাটাতে কাজ করবে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মুহম্মদ সিকান্দার খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান, ক্বামার বানু, চিকিৎসক এ কিউ এম ওয়াহিদুল আলম, মঈনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ রওশন আক্তার হানিফ, তাহমিনা খানম, মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক, শাহাব উদ্দিন, স্থপতি জেরিনা হোসেন প্রমুখ।