সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে মাত্র সাড়ে তিন বছর বয়সী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
উত্তর জেলা বিএনপির সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের বিরোধের জের ধরে সংগঠনটি আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে কেন্দ্রীয় নেতারা মনে করছেন। আর এই কমিটি ভাঙার জন্য বিদায়ী সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দুষলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে।
গত শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলাম চৌধুরীকে আহ্বায়ক এবং রাউজান পৌর মেয়র কাজী হাসানকে সদস্যসচিব করে দুই সদস্যের কমিটি করে দেন। নতুন আহ্বায়ক কমিটি দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে কাজ করবে। নতুন আহ্বায়ক আসলাম চৌধুরী ভেঙে দেওয়া কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর সঙ্গে বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দ্বন্দ্ব হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিদায়ী সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে দায়ী করে প্রথম আলোকে বলেন, ‘এই দুজন ইঞ্জিনিয়ারিং করে আমাকে সরিয়েছে। তাঁরা অনেক আগে থেকেই আমার পেছনে লেগে ছিলেন।’
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) কমিটি ভাঙার আগে আমার সঙ্গে কথা বলেছেন। আমি বলেছি, নতুন নেতৃত্ব আনতে হলে আসলাম চৌধুরীকে আহ্বায়ক ও কাজী হাসানকে যেন সদস্যসচিব করা হয়। ম্যাডাম সেটাই করেছেন।’
গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অভিযোগ প্রসঙ্গে আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ভাঙাগড়া নিয়ে আমি কিছুই জানতাম না। ম্যাডামের সঙ্গে বৈঠকের আগে কেন্দ্রীয় নেতারা উত্তর জেলার নেতাদের সঙ্গে দলীয় কার্যালয়ে বৈঠক করেন বলে শুনেছি। ওই বৈঠকে আলোচনা সম্পর্কেও আমার কিছু জানা ছিল না। আমি কীভাবে ইঞ্জিনিয়ারিং করেছি তা বুঝতে পারছি না।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া আকস্মিক কোনো বিষয় নয়। অকার্যকর নেতৃত্বের কারণে সাংগঠনিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় কমিটি বিলুপ্ত হয়। এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া মাত্র। এখানে কারোর মনঃক্ষুণ্ন হওয়ার কারণ নেই।’
গোলাম আকবর আরও বলেন, ‘নেতৃত্বের ধারাবাহিকতা না থাকলে আগামী দিনের নেতৃত্বের বিকাশ ঘটবে না। চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি নতুন নেতৃত্ব তুলে আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। নতুন নেতৃত্ব আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন জোরদার এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য দক্ষ সাংগঠনিক কাঠামো সৃষ্টি করবে।’
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের অভিমত, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে আসলাম চৌধুরী সীতাকুণ্ড এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের মাধ্যমে চট্টগ্রামকে সারা দেশ থেকে কিছু দিনের জন্য বিচ্ছিন্ন রাখা হয়। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে স্থবিরতা দেখা দেয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা করেছে।