নোমান ও খসরুর আলাদা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ উপলক্ষে নগরে বিএনপির দুই শীর্ষ নেতা আলাদাভাবে সভা করেছেন। রোডমার্চ কর্মসূচিতে নেতা-কর্মীদের সম্পৃক্ত করতে গতকাল শুক্রবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে আবদুল্লাহ আল নোমান ও দেওয়ানহাট মোড়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আলাদা এই সভা করেন। আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ কর্মসূচি শুরু হচ্ছে। পরদিন ৯ জানুয়ারি বিকেলে নগরের একটি জনসভায় খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা রয়েছে।নাসিমন ভবন চত্বর: বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতার আন্দোলন ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক সব আন্দোলনের সূতিকাগার এই চট্টগ্রাম। আগামী ৯ জানুয়ারি এই চট্টগ্রামের মহাসমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার পতনের এক দফার আন্দোলন শুরু করবেন।’ গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দল নাসিমন ভবন চত্বরে এই কর্মী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে নোমান এই কথা বলেন।সমাবেশে নগর মহিলা দলের সভানেত্রী ও কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করে মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভানেত্রী বেগম নুরে আরা ছাফা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিদ্দিক আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা এম এ ছবুর, আবদুস ছাত্তার, আবুল হাশেম প্রমুখ।দেওয়ানহাট মোড়: এদিকে গতকাল বিকেলে নগরের দেওয়ানহাট মোড়ে আরেকটি সভায় বক্তৃতা করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোডমার্চের প্রচারণার উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ৯ জানুয়ারি খালেদা জিয়ার সমাবেশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, চট্টগ্রামের সমাবেশ হবে দেশকে ‘নব্য বাকশাল’ থেকে বেরিয়ে আসা ও গণতন্ত্রকে মুক্ত করার সমাবেশ।গতকাল খসরু পায়রা উড়িয়ে, ফিতা কেটে ও বিশাল আকৃতির ব্যানার লাগিয়ে প্রচারণার উদ্বোধন করেন। অনুষ্ঠানে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, বিএনপির নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।