নোমানকে ভাইস চেয়ারম্যান করায় বেগম জিয়া ও তারেককে প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর ব্যানারে নগরের লালদীঘি মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। তবে এতে নগর বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বা তাঁর সমর্থক বলে পরিচিত বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী ছিলেন না।জানা গেছে, চট্টগ্রামের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা এই সংবর্ধনার আয়োজন করে। তবে সংবর্ধনা অনুষ্ঠান জনসমাবেশে পরিণত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থিত সাদা দলের প্রভাবশালী নেতা অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।নোমানকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারপারসন তারেক রহমানের প্রশংসা করেন। এ ছাড়া তাঁরা সরকারের কর্মকাণ্ডের সমালোচনার মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখেন।সংবর্ধনায় নোমান বলেন, দেশের মানুষ ভালো নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে। সরকার অভ্যন্তরীণ ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের সম্পদের ওপর বিদেশিদের লোলুপ দৃষ্টি পড়েছে। এ সম্পদ রক্ষায় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’নগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ফতেমা বাদশা লালদীঘি মাঠে লোকজনের উপস্থিতি দেখিয়ে প্রথম আলোকে বলেন, নোমান সাহেব গণমানুষের নেতা। এরশাদের স্বৈরশাসনামলে নোমান চট্টগ্রাম বিএনপির ভিত্তি তৈরি করেন। এখন তাঁর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আজকের এই বিপুল সমাবেশে প্রমাণিত হয়েছে যে চট্টগ্রামে বিএনপির রাজনীতি ও উন্নয়নে নোমানের বিকল্প নেই।সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জাতীয় যেকোনো দুর্যোগের সময় নোমানকে দলীয় নেতা-কর্মীরা কাছে পেয়েছেন। আগামী আন্দোলন-সংগ্রামেও রাজপথে তাঁকে পাওয়া যাবে। তাই আমি তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হয়েছি।’সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইনাম-উল হক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক হাসান মোহাম্মদ, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক জহিরুল কাইয়ুম, বিএনপির কেন্দ্রীয় সহশ্রমিক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতা এম এ সবুর, ওয়ার্ড কাউন্সিলর শামছুল আলম, নাজিমউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।