
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী হত্যা মামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর হাকিমের আদালত ৩-এর বিচারক শারমিন সুলতানা এই রায় ঘোষণা করেন। ২০০৯ সালের ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদপুর বাজারে ছাত্রশিবির, ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তত্কালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী নিহত হন। পরদিন বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ফরহাদ আলম বাদী হয়ে তত্কালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন মুনসহ ২৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কজনকে আসামি করে মামলা করেন। আসামিপক্ষের আইনজীবী আসলাম সরকার প্রথম আলো ডটকমকে জানান, মামলাটির তদন্ত করে পুলিশ ২০১১ সালে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এ সময় পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আনেন। পুলিশ দ্বিতীয় দফায় তদন্ত করে গত বছর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের আইনজীবী আজ নারাজি শুনানির জন্য পরবর্তী দিন ধার্যের আবেদন করেন। আসলাম সরকার আরও জানান, আদালতে বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকায় (আজও অনুপস্থিত ছিলেন) এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দেন। বাদীপক্ষের আইনজীবী সেলিম রেজা মাসুম প্রথম আলো ডটকমকে জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তাত্ক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।