নোমানের চিকিৎসার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কারাবন্দী আবদুল্লাহ আল নোমানের সুচিকিৎসার দাবিতে আবদুল্লাহ আল নোমান সুহূদ চট্টগ্রাম গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে নোমানের পরিবারের সদস্য ও আত্মীয়রাও অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে নোমানের ছেলে সাঈদ আল নোমান বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর হার্টে রিং লাগানো রয়েছে। এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, কন্ডোলসিসসহ জটিল রোগে আক্রান্ত। আদালত আমার বাবার শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে বারডেম হাসপাতালে চিকিৎসা করানোর আদেশ দেন। সরকার আদালতের রায় অনুসরণ না করে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিয়েছে।’ সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল নোমান সুহূদের আহ্বায়ক আহমদ হোসাইন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ সেকান্দর খান বলেন, ‘আবদুল্লাহ আল নোমান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দীর্ঘদিন মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ভূমিকা রাখেন। তাই তিনি দল-মতনির্বিশেষে চট্টগ্রামের মানুষের অতি প্রিয় ব্যক্তিত্ব। তাঁর সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ মানববন্ধনে আবদুল্লাহ আল নোমানের সুহূদ ও স্বজনদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ কবির চৌধুরী, সাবেক উপাচার্য মুহাম্মদ ইনাম উল হক প্রমুখ।