নোমানের মামলা প্রত্যাহার না হলে চট্টগ্রাম অচলের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে লাগাতার কঠোর কর্মসূচি দিয়ে চট্টগ্রাম অচলের হুমকি দিয়েছেন বিএনপির নেতারা।গতকাল রোববার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই হুমকি দেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘সরকারের পায়ের নিচে মাটি নেই। জনতার চলমান আন্দোলনে যেকোনো মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পতন হবে। সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে সারা দেশে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে।’মীর নাছির আরও বলেন, ‘আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে লাগাতার কঠোর কর্মসূচি দিয়ে বৃহত্তর চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। মামলা দিয়ে সরকার ক্ষমতার মসনদ রক্ষা করতে পারবে না। বিএনপির নেতা-কর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরবে না।’উল্লেখ্য, গত শনিবার রাজধানীর মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৩৮ জন কেন্দ্রীয় নেতার নামে গতকাল ঢাকার বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়। ওই মামলাগুলোতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকেও আসামি করা হয়। মামলা দায়েরের পর চট্টগ্রামে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘চট্টগ্রামের নন্দিত নেতা আবদুল্লাহ আল নোমানের নামে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায় শুরু হয়ে যাবে।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির নেতা শামসুল আলম, আবদুস সাত্তার, নগর জাসাসের সভাপতি কাজী আকবর, যুবদলের নেতা আবুল হাশেম প্রমুখ। সমাবেশ শেষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের নূর আহমদ সড়ক, লাভ লেইন, এনায়েত বাজার ও কাজীর দেউড়ি হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।