নোয়াখালী উপকূলের জেলেরা দস্যুদের চাঁদাবাজিতেঅতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দস্যুদের হামলা, অপহরণ ও চাঁদাবাজিতে অতিষ্ঠ নোয়াখালী উপকূলীয় এলাকার জেলেরা। চলতি ইলিশ মৌসুুমেও তাঁরা নদীতে নামতে পারছেন না। ফলে হতাশায় ভুগছেন এ অঞ্চলের অন্তত ২০ হাজার জেলে।

সর্বশেষ গত শনিবার মেঘনার ইসলামচরের কাছে সন্দ্বীপের জলদস্যু জাসু বাহিনীর ধাওয়া খেয়ে মাছ না ধরেই ফিরে আসেন চেয়ারম্যানঘাটের জেলেরা। এর আগে বৃহস্পতিবার রাতে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের দমারচরের কাছে মেঘনায় মাছ ধরতে যাওয়া ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যু এমরান বাহিনী। পরদিন সকালে তাঁদের পাঁচজনকে ছেড়ে দিলেও একজনকে মুক্তিপণের দাবিতে আটকে রাখে দস্যুরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু এই এমরান বাহিনীই নয়, মেঘনা ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টি জলদস্যু বাহিনী রয়েছে। এসব বাহিনীর মধ্যে নিঝুম দ্বীপের কালাম চৌধুরী, চর গজারিয়ার নাছির, জয়নাল স্পিকার, রামগতির কালু, ফকির, আলেকজান্ডারের জুয়েল; কানা আলাউদ্দিন, ফারুক কমান্ডার, বাহার কেরানী, ফিটার করিম, গিয়াইস্যা ডাকাত ও আলাউদ্দিন বাহিনী উল্লেখযোগ্য।

এদিকে, উপকূলীয় এলাকার একসময়ের জলদস্যু বাহিনীর প্রধান বাশার মাঝি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলেও তাঁর জামাতা মো. রবিউল মেঘনার জাহাজ্জারচরের একটি এলাকা এখনো নিয়ন্ত্রণ করছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

সুবর্ণচরের মোহামঞ্চদপুর এলাকার জেলে জামাল মাঝি ও জাফর মাঝি জানান, জাহাজ্জারচরসংলগ্ন মেঘনার বিস্তীর্ণ এলাকাজুড়ে জেলেদের তৈরি করা মাছ ধরার খোপ দখল করে রেখেছেন বশার মাঝির জামাতা রবিউল। তবে, এ বিষয়ে তাঁর বক্তব্যের জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করে ফোন বন্ধ পাওয়া যায়।

হাতিয়ার নলেরচরের রফিক মাঝি প্রথম আলোকে বলেন, নদীতে মাছ ধরতে নামলেই দস্যুদের কবলে পড়তে হয়। দস্যুদের একেকটি গ্রুপ নদীর একেকটি এলাকা নিয়ন্ত্রণ করে। ইলিশ মৌসুম এলে জলদস্যু বাহিনীরা বেপরোয়া হয়ে ওঠে। ২০ হাজার টাকার টোকেন সংগ্রহ না করলেই জেলেদের ওপর নেমে আসে হামলা ও নির্যাতনের খড়্গ।

চেয়ারম্যানঘাটের মাঈনউদ্দিন ব্যাপারী বলেন, গত শনিবার তাঁদের ১২টি মাছ ধরা নৌকা নিয়ে জেলেরা হাতিয়ার মেঘনার ইসলামচরের কাছে মাছ ধরতে যান। কিন্তু হঠাৎ তাঁদের ধাওয়া করে সন্দ্বীপের জাসু বাহিনীর সদস্যরা। একপর্যায়ে জেলেরা পালিয়ে এসে প্রাণে রক্ষা পান। মাছ ধরতে হলে বাহিনীর কাছ থেকে আগাম টোকেন সংগ্রহ করতে হয় জেলেদের।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘নদীতে দায়িত্ব পালনের জন্য থানা-পুলিশের কোনো নিজস্ব যানবাহন নেই। তাই জেলেরা দস্যুকবলিত হলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না।’ জেলা মৎস্য কর্মকর্তা বিলকিছ তহমিনা বলেন, জেলেদের মাছ ধরার নৌকার সরকারি লাইসেন্স না থাকায় বিভিন্ন বাহিনীর দ্বারা চাঁদাবাজির শিকার হন। তিনি অনেক চেষ্টা করে গত এক বছরে মাত্র ২০টি নৌকার লাইসেন্স করতে পেরেছেন।