নোয়াখালী ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে। একজন ট্রাকচাপায়, অন্যজন দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাটখিলের খিলপাড়া বাজারের কাছে ট্রাকের চাপায় নিহত হন ব্যবসায়ী আহসান উল্লা (৩০)। তাঁর বাড়ি খিলপাড়া ইউনিয়নের খিরহাটি গ্রামে। খিলপাড়া বাজারে তাঁর ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
চাটখিল থানার ওসি নাছিমুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের কেউ গতকাল বিকেল পর্যন্ত থানায় অভিযোগ করেনি।
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশারা মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফারুক হোসেন (৩০)। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ফারুকের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসেম জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ফারুককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।