নোয়াখালী-কুমিল্লা রেলপথে ডেমো ট্রেন চলাচল উদ্বোধন
নোয়াখালী-লাকসাম-কুমিল্লা রেলপথে আজ রোববার থেকে চালু হয়েছে ডেমো ট্রেন সার্ভিস। বেলা ১১টার দিকে রেলমন্ত্রী মো. মুজিবুল হক আনুষ্ঠানিকভাবে এ ট্রেনের উদ্বোধন করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের এই নতুন ট্রেনটি প্রতিদিন চারবার নোয়াখালী-লাকসাম-কুমিল্লা পথে যাতায়াত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে রেলের যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদেশ থেকে রেলের বগি ও ইঞ্জিন আমদানি করে, আর খালেদা জিয়ার চারদলীয় জোট সেগুলো আগুন দিয়ে পোড়ায়। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলের উন্নয়নে ১৮ হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে ৩৮টি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলে যোগাযোগের ক্ষেত্রে রেলের ভূমিকা আরও বেড়ে যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ডেমো ট্রেনে ১৫০টি আসন ও ১৫০টি স্ট্যান্ডবাই টিকেটের ব্যবস্থা রয়েছে। নোয়াখালী থেকে কুমিল্লার ভাড়া ৩৫ টাকা এবং সর্বনিম্ন ১৫ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া সপ্তাহে শুক্রবার ট্রেনটি বন্ধ থাকবে।
সোনাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ের যুগ্ম সচিব সুনীল চন্দ্র পাল।