নোয়াখালী থেকে ছিনতাই হওয়া গাড়ি চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে গত সোমবার ভোরে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার সেদিন রাতেই চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুরের মাঠবাড়িয়ার রুম্মান হোসাইন (২৪) ও চাঁদপুরের হাজীগঞ্জের হাবিবুর রহমান (২০)। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, গত রোববার দিবাগত রাত একটার দিকে ওমর ফারুক নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সোমবার ভোর পাঁচটার দিকে সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারের কাছে একটি পিকআপ ভ্যান প্রাইভেট কারটির গতিরোধ করে। এরপর পিকআপ ভ্যান থেকে চার ব্যক্তি নেমে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। ওই দম্পতি তাঁকে ঘটনাটি (ওসি) জানান। পরে এ ঘটনায় মামলা করা হয়।
ওসি জানান, গাড়িটিতে ওমর ফারুকের স্ত্রীর মুঠোফোন রয়ে যায়। মুঠোফোনটি ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ ছিনতাইকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। সোমবার রাতে পুলিশ চট্টগ্রাম থেকে ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বন্দর থানা এলাকার একটি গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করে।