নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী দুদল ছাত্রের পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল রোববার বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের হলে ভাঙচুর চালানো হয়। পরে সন্ধ্যায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হলে তল্লাশি চালায়।
হামলায় আহত ছাত্রদের মধ্যে ১১ জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন ওমর ফারুক, মো. শিমুল, মো. সাকিব, মো. পিয়াস, তানভীর নেওয়াজ, ফয়সাল কবির, মো. তাজ, সাদ্দাম হোসেন, জাহিদ ইমরান, আবদুর রহমান ও মো. রেজোয়ান।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে ভাষাশহীদ আবদুস সালাম হলের সামনে প্রথম বর্ষের ছাত্র মো. রাব্বি ও ইমরানের মধ্যে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বহিরাগত কয়েক যুবক এবং ছাত্র মিলে ইমরানকে পিটিয়ে আহত করেন।
এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয়দানকারী সাইদুজ্জামান ও আবদুল হামিদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে সাইদুজ্জামানের পক্ষের সমর্থকেরা আবদুল হামিদের সমর্থকদের ওপর হামলা চালান। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ চলে। এ সময় ক্যাম্পাসের ছাত্রদের হলেও হামলা-ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বিকেল চারটায় সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তখনো ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের সামনে একে অপরের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাচ্ছিলেন। প্রোক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে না পারলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলা তল্লাশি অভিযানে রডসহ এক ছাত্রকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।