নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি শিক্ষার্থীদের
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামও। গতকাল প্রথম আলোর সঙ্গে আলাপকালে শফিকুল বলেন, শিক্ষক সমিতিও চায় অতিদ্রুত যেন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। খুলে দিলে তাঁরাও ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন। তবে, এ ক্ষেত্রে উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলন থেকে শিক্ষক সমিতি পিছু হটবে না বলে জানান এই শিক্ষক নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের কয়েক শ শিক্ষার্থী ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি-সংবলিত পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টায় শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একই স্থানে বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষার্থীরা বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে।