নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের অভিযোগে উড়োচিঠি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ফেল করা এক ছাত্রকে ভর্তিসহ ভর্তির ক্ষেত্রে বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শিক্ষক সমিতির কাছে ডাকযোগে এ-সংক্রান্ত একটি উড়োচিঠি আসে।

উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিজ্ঞান অনুষদের ডিন ড. আবুল হোসেনকে। অন্য দুই সদস্য হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের প্রধান বেল্লাল হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী মো. জামাল উদ্দিন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জানতে চাইলে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। তিনি বলেন, সোমবার উড়োচিঠি পাওয়ার পর মঙ্গলবারই তিনি বিষয়টি উপাচার্যের নজরে আনেন এবং একই দিন তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিয়ারিং, কোস্টার্ল এগ্রিকালচার ও ইংরেজিসহ বিভিন্ন বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা ভর্তি বাণিজ্য হয়েছে উল্লেখ করে একটি উড়োচিঠিতে উল্লেখ করা হয়। ‘সচেতন নোয়াখালীবাসীর’ নাম ব্যবহার করে ছাড়া ওই উড়োচিঠিতে অনিয়মের উদাহরণসরূপ ফার্মেসি বিভাগে ভর্তি হওয়া এক ছাত্রের নাম, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও ক্লাস রোল নম্বর উল্লেখ করা হয়। এবং বলা হয় প্রায় প্রতিটি বিভাগেই এমন অনেক অনিয়মের ঘটনা ঘটেছে যা সুষ্ঠু ও প্রভাবমুক্তভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে।

সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, উড়োচিঠিতে যে ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পেয়েছেন মাত্র ৩৪ নম্বর। অথচ পরীক্ষায় পাসের সর্বনিম্ন নম্বর হলো ৪০। এতে অনিয়ম সংঘটিত হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

শিক্ষক সমিতির সভাপতি ড. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষা এবং ভর্তি-প্রক্রিয়া হলো একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি। আমরা উপাচার্যের সঙ্গে বৈঠক করে শিক্ষক সমিতির পক্ষ থেকেও বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে দাবি জানিয়েছি। কারণ এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অশনিসংকেত।’ প্রসঙ্গত বর্তমান উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পর এবার যোগ হলো ভর্তি বাণিজ্যের অভিযোগ। এরই মধ্যে ওই সব অভিযোগে সরেজমিনে তদন্ত করে গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি তদন্ত কমিটি। ছাত্র ভর্তিতে অনিয়মের বিষয়ে জানার জন্য উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। একই বিষয়ে রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।