নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় দুই শিক্ষার্থীকে মারধর করেছেন ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলায় বিবিএ প্রথম বর্ষের মো. সোহাগ (১৮) ও মো. রাব্বি (১৮) আহত হন। তাঁদের শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই অবৈধভাবে ভর্তি হওয়া ২৮ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য করায় বুধবার জেলা শহরের সোনাপুর এলাকায় ভর্তি বাতিল হওয়া ছাত্রদের কয়েকজন বিবিএ বিভাগের প্রথম বর্ষের ছাত্র সোহাগকে হুমকি-ধমকি দেন।
এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবিএ বিভাগের টিনশেড ঘর ও ক্যানটিনের সামনে সোহাগ ও রাব্বিকে বেধড়ক মারধর করেন এই শিক্ষার্থীরা। এ সময় অন্য সহপাঠীরা এসে তাঁদের উদ্ধার করেন। পরে আহত শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের ঘটনাটি অবহিত করেন।
প্রক্টর নেওয়াজ মোহামঞ্চদ বাহাদুর গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, বিবিএর দুই ছাত্রকে যাঁরা মেরেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্র নন। কারণ, কারও ভর্তি বাতিল হলে তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার কোনো সুযোগ নেই।