নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি

বৃহত্তর নোয়াখালীকে বিভাগ করার দাবিতে গতকাল নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীসহ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে নানা শ্রেণি-পেশার মানুষ। পরে বিভাগ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মানুষ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভাগ বাস্তবায়নের দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে চৌমুহনী শহর, চৌরাস্তা, একলাশপুর, মজুমদার হাট, জিরতলী, গাবুয়াসহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন।
সকাল ১০টার সময় সমবেত জনতা নিজ নিজ এলাকায় চৌমুনহী-লক্ষ্মীপুর সড়ক, ফেনী-নোয়াখালী মহাসড়ক, নোয়াখালী-কুমিল্লা সড়ক ও চৌমুহনী-মাইজদী সড়কে ‘নোয়াখালীকে বিভাগ’ ঘোষণার দাবিতে মানববন্ধন করে। এ সময় চৌমুহনীর পাবলিক হল গেট ও মদন মোহন উচ্চবিদ্যালয় এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মামুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান আনসারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের নেতা বিনয় কিশোর রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তৃতায় সাংসদ মামুনুর রশিদ বলেন, দেশের আঞ্চলিক অবস্থান ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে দেশের উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জেলা নোয়াখালীকে বিভাগ করা সময়ের দাবি। তাই বৃহত্তর নোয়াখালীকে (ফেনী-লক্ষ্মীপুর-নোয়াখালী) বিভাগ ঘোষণার জন্য তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।