নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সেনবাগে মানববন্ধন
নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে গতকাল শনিবার সেনবাগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সামাজিক সংগঠন ‘রেনেসাঁ বয়েজ’-এর উদ্যোগে সেনবাগ থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার দাবিসংবলিত ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড বহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম দলিলুর রহমান, পৌর মেয়র আবু জাফর টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক গোলম মোতুর্জা, আওয়ামী লীগের নেতা গোলাম কবির, জাতীয় পার্টির নেতা মো. হারুন, সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।