বাম মোর্চার রোডমার্চে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় জেলা শহরের মাইজদী এলাকায় এ কর্মসূচি পালন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান। বক্তব্য দেন ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ, তেল-গ্যাস, বন্দর-বিদ্যুৎ ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিদ্যুতের বিকল্প নেই। কিন্তু সুন্দরবনের পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র কখনো মেনে নেওয়া হবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবে একটি চক্র সরকারকে দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সরকারকে এ আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তাঁরা।