নোয়াখালীতে অপহূত তরুণী ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
নোয়াখালীর সেনবাগের মোহামঞ্চদপুর ইউনিয়ন থেকে অপহূত এক তরুণীকে (১৬) ফেনী সদর উপজেলার দক্ষিণ লেমুয়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সেনবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবু তাহের (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে উদ্ধার হওয়া তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ফেনীর লেমুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোশারফ হোসেন ওরফে হূদয় তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে মোহামঞ্চদপুর ইউনিয়নের বাড়ির পাশে থেকে ওই তরুণীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। তরুণীর বাবা ওই দিনই লিখিতভাবে সেনবাগ থানার পুলিশকে অবহিত করেন।
এরপর গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তরুণীর বাবার সহায়তায় সেনবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ মোশারফদের ফেনীর দক্ষিণ লেমুয়া গ্রামের বাড়ি থেকে তরুণীটিকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ পালিয়ে যান। পরে উদ্ধার হওয়া তরুণীর ও পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনবাগের দক্ষিণ মোহামঞ্চদপুর গ্রাম থেকে আবু তাহের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আবু তাহের তরুণীর বাবার দায়ের করা অপহরণ মামলার এজহারভুক্ত আসামি।
জানতে চাইলে অপহূত তরুণী উদ্ধার হওয়ার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, উদ্ধার হওয়া তরুণীর জবানবন্দি অনুযায়ী তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।