নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ চার যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দাদপুর বাজার ও অশ্বদিয়ার ইতালি মার্কেট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ও গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর একটার দিকে কবির হোসেন (২৮) নামের এক যুবক একটি গুলিসহ একটি শুটারগান বিক্রি করতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ইতালি মার্কেটে যান। গোপন সংবাদে এ খবর পায় সুধারাম থানা পুলিশ। পরে থানার দুই উপপরিদর্শক (এসআই) তানভির আহম্মেদ ও লিটন দত্ত ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। গ্রেপ্তার হওয়া কবিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে গতকাল রাত আটটার দিকে তিন অস্ত্রধারী দুর্বৃত্ত একই উপজেলার দাদপুর বাজারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় বাজারের লোকজন ধাওয়া করে একটি পাইপগানসহ হাবিবুর রহমান (১৯), রিয়াজ হোসেন (১৮) ও মো. পারভেজকে (২০) ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে ও উদ্ধার করা অস্ত্র থানায় নিয়ে যায়।
জানতে চাইলে পৃথক স্থান থেকে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার। তিনি প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক যুবকদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।