নোয়াখালীতে আগুনে পুড়েছে আটটি ঘর
নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধসহ চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে গোরফান মেম্বারের বাড়ির দলিলের রহমানের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও তিনটি বসতঘর ও চারটি রান্নাঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সোনাইমুড়ী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন জানান, আগুনে আটটি ঘরের সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মো. ফারুক (১৭) দগ্ধ হন। এ ছাড়া মো. সোহেল (২৫), মো. স্বপন (৫০) ও দলিলের রহমান (৫৫) আহত হন। ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাকায়েত উল্লা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।