নোয়াখালীতে আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে নোয়াখালীতে ‘আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড’ হয়েছে। গতকাল সোমবার নোয়াখালী জিলা স্কুলে খুদে পদার্থবিজ্ঞানীদের নিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নোয়াখালী জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। নোয়াখালী আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে জাতীয় পাতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান। ফিজিক্স অলিম্পিয়াড পতাকা উত্তোলন করেন নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে ছিল প্রশ্নোত্তরপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাবেদ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইউছুফ, নোয়াখালী জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. খলিল উল্লাহ।
অনুষ্ঠানে মেধা যাচাই পরীক্ষায় বিজয়ী ৪৮ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী বিভাগীয় ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান।