নোয়াখালীতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গতকাল বুধবার মহাত্মা গান্ধীর ১৪৪তম জন্মদিন ও আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়েছে।
উপজেলার জয়াগের গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।
সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সাধন পাল, মহুরীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, আমিশাপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র উদয় মজুমদার ও গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়।
আলোচনা শেষে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল।