নোয়াখালীতে এখনো পানির নিচে রাস্তাঘাট

এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত না হলেও নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এখনো অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা সেনবাগ, বেগমগঞ্জ, কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কবিরহাট ও সেনবাগ উপজেলার কিছু এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় প্রতিবছরই বৃষ্টিতে এলাকাগুলো কিছুটা জলমগ্ন থাকত। খাল দিয়ে পানি আবার নেমে যেত। কিন্তু জেলার অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি অবৈধ দখল হওয়ার কারণে পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। টানা প্রায় এক সপ্তাহ বৃষ্টিপাত বন্ধ থাকলেও বন্যার পানি সেভাবে নামেনি। অনেক রাস্তাঘাটই এখনো পানির নিচে।
গতকাল শনিবার সরেজমিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর, মীরওয়ারিশপুর, নরোত্তমপুর; সোনাইমুড়ী উপজেলার বজরা, সোনাপুর, দেওটি এবং সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব ইউনিয়নের বেশির ভাগ গ্রামীণ সড়ক এখনো পানির নিচে। এখন ইউনিয়নগুলোর বাসিন্দাদের চলাচলের অন্যতম মাধ্যম নৌকা।
বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা সহিদ উল্লা বলেন, বৃষ্টিপাত না হলেও পানি নামছে না। এতে রাস্তাঘাট এখনো পানিতে ডুবে আছে। তাই অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়।
নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে সোনাইমুড়ীর বজরা গ্রামের সাহাব উদ্দিন জানান, এখনো বাড়িঘরে পানি। রান্নাবান্না করতে খুবই অসুবিধা হচ্ছে।
সরেজমিন দেখা যায়, বন্যার পানি এখনো বজরা ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা ছুঁই-ছুঁই করছে। শিক্ষার্থীরা নৌকায় করে বিদ্যালয়ে আসা-যাওয়া করছে।
জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহরুল ইসলাম মো. আবু হেনা প্রথম আলোকে বলেন, ধীর গতিতে পানি নামার কারণে কিছু কিছু এলাকায় এখনো পানি রয়ে গেছে। তবে আগের তুলনায় সার্বিক অবস্থা এখন অনেক ভালো। তিনি জানান, বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব উপজেলাগুলো থেকে এখনো পাওয়া যায়নি।