নোয়াখালীতে কলেজে হামলা অধ্যক্ষসহ চার শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর ডিগ্রি কলেজে ক্লাস চলাকালে বখাটেপনায় বাধা দেওয়ায় অধ্যক্ষসহ চার শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ নামধারী বখাটে সহযোগীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় ক্যাম্পাসে হামলা-ভাঙচুর চালিয়ে ত্রাসের সৃষ্টি করে। এ ঘটনার পর কলেজের শিক্ষক পরিষদ জরুরি বৈঠকে বসে হামলাকারীদের গ্রেপ্তার এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার পর থেকে ক্যাম্পাসে এক শ্রেণীর বহিরাগতের আনাগোনা বেড়ে যায়। তারা ক্লাস চলাকালে শ্রেণীকক্ষের সামনে দিয়ে ঘোরাফেরাসহ নানাভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে অধ্যক্ষ প্রদীপ নারায়ণ সাহা ছাত্রীদের কক্ষের সামনে ঘোরাঘুরি করার সময় দীপু নামের এক বহিরাগতকে ক্যাম্পাসে আসার কারণ জিজ্ঞেস করে বেরিয়ে যেতে বলেন।
এতে দীপু ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে গালমন্দ করে তাঁকে মারার জন্য তেড়ে যায়। এ সময় উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনসহ অন্য শিক্ষকেরা এগিয়ে এসে দীপুকে আটক করে উপাধ্যক্ষের কক্ষে বসিয়ে রাখেন। এ ঘটনার পর দীপুর সহযোগী ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে ঢুকে হামলা-ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে হামলাকারীরা উপাধ্যক্ষের কক্ষে ঢুকে সেখান থেকে দীপুকে ছিনিয়ে নেয়। এ সময় তারা অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।
খবর পেয়ে ক্যাম্পাসে সোনাপুর ফাঁড়ির পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানতে চাইলে বখাটেদের হামলা-ভাঙচুরের কথা নিশ্চিত করেন প্রদীপ নারায়ণ সাহা। তিনি প্রথম আলোকে বলেন, বখাটে যুবকদের উৎপাত বেড়ে যাওয়ায় তিনি নিজেই বখাটেপনা প্রতিরোধে টহল দেওয়ার সময় দীপু নামের এক বহিরাগত যুবককে ক্যাম্পাসে আসার কারণ জিজ্ঞেস করতেই সে দুর্ব্যবহার করে। এ সময় শিক্ষকেরা মিলে তাঁকে আটক করলে পরে তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের ওপর হামলাকারী বখাটেরা ছাত্রলীগের কেউ নয়। তারা ছাত্রদলের কর্মী। তবে হামলাকারীদের সঙ্গে তাদের বন্ধুবান্ধব কেউ ছাত্রলীগ করতে পারে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, বখাটেরা ক্যাম্পাসে গিয়ে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করায় অধ্যক্ষ ও শিক্ষকেরা প্রতিবাদ করে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।