নোয়াখালীতে কালবৈশাখী দুজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর ও সদর উপজেলার ওপর দিয়ে গতকাল সোমবার দুপুরে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে যায়। এতে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ের সময় বজ্রপাতে সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চর বায়েজিদে আলী আহমঞ্চদ (৫০) ও সাফিয়া খাতুন (৩৫) নামের দুজন মারা গেছেন। একই ঘটনায় আহত হয়েছে সাফিয়া খাতুনের দুই শিশু। শিশু দুটির বয়স দুই-চার বছর। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে জেলার বাসিন্দাদের জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে আসে। শহরের পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নকাজ চলার কারণে অনেক সড়কে পানি জমে যায়।

চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন বজ্রপাতে নারী-পুরুষসহ দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, আহত দুই শিশুকে উদ্ধার করে তিনি চৌকিদারের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন।

এ ছাড়া ঝড়ে তাঁর ইউনিয়নের এম এস উচ্চবিদ্যালয়ের টিনশেড ঘরসহ অন্তত অর্ধশত কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ঝড়ে চরক্লার্কে একজন নিহত হওয়া ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

নিহত নারীর পরিবারকে লাশ দাফন এবং দুই শিশুর চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা এবং পুরুষের পরিবারকে তিন হাজার টাকা চেয়ারম্যানকে দিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।