নোয়াখালীতে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
নোয়াখালীর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলার মাইজদীতে অবস্থিত এ কার্যালয়ে আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। এতে কার্যালয়ের নথি সংরক্ষণ কক্ষের (স্টোর রুম) পুরোনো সরকারি নথি ও কিছু আসবাব পুড়ে গেছে।
প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনাকে নাশকতা বলে দাবি করা হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির নাশকতা দাবি করে বলেন, কার্যালয়ের বাহির থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা নথি সংরক্ষণ কক্ষের কাচের জানালা লক্ষ্যে করে পেট্রলবোমা ছুড়ে মারে। ঘটনার সময় তিনি পাশের একটি কক্ষেই ছিলেন। একটি শব্দ শুনে তিনি নিজের কক্ষ থেকে বেরিয়ে পাশের কক্ষের ভেতরে আগুন জ্বলতে দেখেন।
স্থানীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুব আলম বলেন, কক্ষের বাহির থেকে জানালার কাচ ভেঙে কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জেলা সার্কিট হাউসের বিপরীত দিকে সড়কের পাশের খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একতলা ভবনের পূর্ব ও দক্ষিণ পাশে ঘেঁষে গেছে দুটি সড়ক। এর মধ্যে পূর্ব পাশে (যে পাশে আগুন লেগেছে) কোনো সীমানাপ্রাচীর নেই। যে জানালা দিয়ে হামলার দাবি করা হচ্ছে সেখানে জানালার কাঠগুলো পুরোপুরি অক্ষত রয়েছে। এমনকি জানালাটিও আগে থেকে বন্ধ অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বাবুর্চি মো. কাজল বলেন, তিনি বাড়ি থেকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পার হতেই হঠাৎ একটি শব্দ শুনতে পান। এর পর দেখেন খাদ্য কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে আগুন জ্বলছে। তবে তিনি আশপাশে কাউকে দেখেননি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয়।