নোয়াখালীতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের থানারহাট বাজারে গয়নার দোকানে ডাকাতির অভিযোগে গত মঙ্গলবার রাতে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুরের মুন্না বাহিনীর প্রধান মোছলে উদ্দিন ওরফে মুন্না (৩৫) বলে জানা গেছে।
মোছলে উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।
সোনাইমুড়ী থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সূত্র জানায়, মোছলে উদ্দিনকে গণপিটুনি দেওয়ার স্থান সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাউরকোর্ট এলাকা থেকে পুলিশ একটি গুলিভর্তি এলজি, ছয়টি গুলিসহ একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ছাড়া রাতে বাউরকোট গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জনতা মো. এয়াছিন (৩০) নামে আরেক ডাকাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ডাকাতের ছোড়া গুলিতে আহত গ্রামবাসী মো. রায়হান, মো. রাকিব ও মো. মিশনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনটি মোটরসাইকেলযোগে নয়জন যুবক থানারহাট বাজারে আসে। মুহূর্তের মধ্যে তারা বাজারে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা তিনটি গয়নার দোকানের মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে প্রায় ১৩০ ভরি স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে মোটরসাইকেলযোগে বাউরকোটের দিকে পালিয়ে যায়। এ সময় বাজারের ও আশপাশের লোকজন মুঠোফোনে চারদিকে খবর দেয়। পরে জনতা বাউরকোট এলাকায় সড়কে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতেরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় জনতা মোছলে উদ্দিনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। উত্তেজিত জনতা এ সময় ডাকাতদের ব্যবহূত তিনটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। তবে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ লুণ্ঠিত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করতে পারেনি।
গয়নার দোকানে ডাকাতি ও লুটপাটের ঘটনা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ।