নোয়াখালীতে গাড়ি ভাঙচুর, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে আজ সোমবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বেগমগঞ্জের জমিদারহাটে একটি ব্যক্তিগত গাড়ি ও সেনবাগের ছমির মুন্সীরহাট বাজারে সকাল সাড়ে নয়টার দিকে একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে পিকেটাররা।
দুপুর পর্যন্ত পুলিশ শহরের দত্তেরহাটসহ বিভিন্ন এলাকা থেকে আট পিকেটারকে আটক করেছে। সকালে হরতালের সমর্থনে শহরের দত্তেরহাটে সড়কের ওপর টায়ার জ্বেলে ও ইট ফেলে পিকেটিং করে পিকেটাররা। এ সময় পুলিশ গিয়ে ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুই পিকেটারকে আটক করে।
সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ মিছিল দুটির মাঝখানে পড়ে গেলে কিছুটা উত্তেজনা দেখা দেয়।
পরে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা গিয়ে ধাওয়া করে ছয়জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার জানান, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।