নোয়াখালীতে গ্যাস-সংকট
গ্যাসের অভাবে দুপুরে ঠিকমতো রান্না করতে পারেন না নোয়াখালী শহরের কালিতারা এলাকার বাসিন্দা রহিমা খাতুন। তাঁকে রাত জেগে রান্না করতে হয়। কয়েক মাস ধরে চলছে এ অবস্থা।
শুধু রহিমা খাতুন নন, গ্যাস নিয়ে এই সমস্যায় ভুগছেন নোয়াখালী শহর ও আশেপাশের এলাকার বাসিন্দারা। একই সমস্যা চলছে জেলার কোম্পানীগঞ্জ, চাটখিল ও বেগমগঞ্জের কিছু এলাকায়ও।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, নোয়াখালীতে ২১ হাজার আবাসিক, ৩২০টি বাণিজ্যিক, ৩০টি শিল্প, ছয়টি সিএনজি স্টেশন ও ১৫টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে গ্যাস-সংযোগ আছে। কিন্তু পিক আওয়ারে চাহিদার এক-তৃতীয়াংশও গ্যাস পাওয়া যায় না। এতে গ্রাহকেরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন।
সূত্র জানায়, জেলায় বর্তমানে গ্যাসের চাহিদা প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট। আগে এই গ্যাস সরবরাহ করা হতো জাতীয় গ্রিড থেকে। ২০১৩ সালের ৮ জানুয়ারি থেকে জেলার কোম্পানীগঞ্জের সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়। শুরুতে সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে ১১ দশমিক ৫ মিলিয়ন গ্যাস সরবরাহ করা হতো। চলতি বছরের শুরুতে বেগমগঞ্জের কাজিরহাটের গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ শুরু হয়।
সূত্র জানায়, বর্তমানে সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে এক মিলিয়নের কম এবং কাজিরহাট গ্যাসক্ষেত্র থেকে দশমিক ৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। জাতীয় গ্রিড আর দু্ই গ্যাস ক্ষেত্র মিলিয়ে সরবরাহ করা হয় পাঁচ-ছয় মিলিয়ন ঘনফুট। এতে জেলায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল আলম প্রথম আলোকে বলেন, নোয়াখালীর দুটি গ্যাসক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ফেনীতে আলাদা একটি প্রেসার কনট্রোলার স্থাপন করা হবে। তিনি বলেন, গ্রাহকদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে।