নোয়াখালীতে ছাত্রদলের দুই নেতার ওপরহামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরে এক আইনজীবীর কার্যালয় ভাঙচুর ও জেলা ছাত্রদলের দুই নেতার ওপর হামলা চালিয়েছে একদল যুবক।

গত বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ও টাউন হলসংলগ্ন সমবায় মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত দুই ছাত্রদল নেতা হলেন জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক আবু রাশেদ (২৯) ও সদস্য ইসমাইল চৌধুরী (২৮)। ঘটনার পরই তাঁদের উদ্ধার করে শহরের সিটি হসপিটালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে নোয়াখালী টাউন হলসংলগ্ন সমবায় মার্কেটের নিচতলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার চেম্বারে বসে আড্ডা দিচ্ছিলেন ছাত্রদল নেতা ইসমাইল চৌধুরী।

এ সময় কয়েক যুবক কথা আছে বলে ইসমাইলকে বাইরে ডেকে নিয়ে যান। কয়েক মিনিট পরই শহীদ মিনার এলাকায় তাঁর ওপর হামলার খবর শুনে আইনজীবী জাকারিয়ার কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধার করেন। এ সময় ছাত্রনেতা আবু রাশেদও হামলার শিকার হন।

এ ঘটনার পর হামলাকারী যুবকেরা দলবল নিয়ে এসে আইনজীবী এ বি এম জাকারিয়ার কার্যালয়ে হামলা-ভাঙচুর চালান। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা ওই স্থান থেকে সরে পড়েন। তবে হামলাকারী যুবকেরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির জের ধরে হামলা-ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। দলীয়ভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে।

জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক দুই ছাত্রদল নেতার ওপর হামলা ও আইনজীবীর কার্যালয় ভাঙচুরের কথা নিশ্চিত করেন।

জাহিদুল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।