নোয়াখালীতে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভোট গ্রহণ শেষে গত শনিবার রাতে মো. নাছির উদ্দিনকে আটক করা হয়। তাঁর বাড়ি একই ইউনিয়নের জাহানাবাদ গ্রামে।
এদিকে নিহত ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাতের লাশ গতকাল রোববার বিকেলে দাফন করা হয়েছে। নিহত ইয়াছিন আরাফাত নেয়াজপুর ইউনিয়নের বেলানগর গ্রামের মো. সেলিমের ছেলে। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবারের ওই সংঘর্ষে তাঁর ছোট ভাই কাজী আরমানও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আটক নাছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে।
গত শনিবার নেয়াজপুর ইউনিয়নের বেলানগর মোহাম্মদিয়া ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার ঘটনাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ইয়াছিন আরাফাতকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।