নোয়াখালীতে ডাকাত পুলিশ গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলিতে দুই পরিদর্শকসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কোম্পানীগঞ্জ-কবিরহাট সড়কের গইরার দিঘি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় ডাকাত দলের সদস্য নুরুল হক ওরফে হক সাব (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ ও ডাকাত সদস্যদের রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে থানায় ফিরে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে শনিবার ভোরে একটি ডাকাতির মামলার আসামি পেশাদার ডাকাত দল নেয়ামত বাহিনীর সদস্য নুরুল হককে চট্টগ্রাম থেকে আটক করা হয়। দিনভর থানায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে রাত সোয়া দুইটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কবিরহাট উপজেলার রামদি এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এরপর সেখান থেকে ফেরার পথে বসুরহাট-কবিরহাট সড়ক গইরার দিঘির পাড়সংলগ্ন রাস্তায় আসামাত্র ১৪-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে নুরুল হককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় ডাকাত নুরুল হক ছাড়াও থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম গুলিবিদ্ধ হন এবং পুলিশের দুই পরিদর্শকসহ আরও চারজন আহত হন। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান, পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান, কনস্টেবল রবিউল হক ও শামীম ভূঁইয়া।
মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর পুলিশও আটটি গুলি করে। তিনি জানান, গ্রেপ্তারকৃত নুরুল হকের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ছাড়াও জেলার অন্যান্য থানায় বিভিন্ন অপরাধের ২২টি মামলা রয়েছে। এ ছাড়া আরও দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।