নোয়াখালীতে তিন বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজেরনির্মাণকাজ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা এলাকায় খাসেরহাট-আনছার মিয়ারহাট সড়কে একটি গার্ডার ব্রিজের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগের বেশি সময় ধরে ওই সড়কের বাঁশখালী খালের ওপর নির্মিত একটি কাঠের সেতু দিয়ে মানুষজন চলাচল করত। ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালী উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠের সেতুর পাশে একটি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
একই বছরের ১০ জুলাই স্থানীয় সাংসদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পরই ১২ মিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। ব্যয় ধরা হয় ২৮ লাখ টাকা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক এন্টারপ্রাইজ ব্রিজের দুই পাশের গার্ডার নির্মাণের পর আর কোনো কাজ করেনি। এর ফলে দীর্ঘ প্রায় তিন বছর ধরে কাজটি ঝুলে রয়েছে।
পূর্ব চরবাটা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্রিজটির নির্মাণকাজ শুরু হওয়ার পর এলাকার মানুষের বুকে আশা জেগে উঠেছিল। কিন্তু এখন কাজটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় সবার মধ্যে হতাশা বিরাজ করছে।
অন্যদিকে কলেজছাত্র আরিফুল হক বলেন, নির্মাণাধীন গার্ডার ব্রিজের পাশে বিকল্প যে কাঠের সেতু রয়েছে সেটির অবস্থাও খুব খারাপ। রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল আউয়াল জানান, তিনি প্রায় ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ করেছেন। যার জন্য ২২ লাখ টাকার বিল স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন। কিন্তু পেয়েছেন এ পর্যন্ত মাত্র আট লাখ টাকা।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী এমদাদুল হকও সরকারি অর্থ বরাদ্দ না থাকার কথা নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, শুধু এই ব্রিজটিই নয়, ‘এ রকম আরও বেশ কিছু প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না অর্থের অভাবে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। অর্থ বরাদ্দ পাওয়া গেলেই কাজটি শেষ করা যাবে।’